সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর প্রায় আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভার গেটসংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, চলন্ত গাড়িবহর লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয়। হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে হামলার ঘটনার একদিন পরই সিলেটে এমন পরিস্থিতির সৃষ্টি হলো।
জানা গেছে, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি নেতারা গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠান শেষে নেতারা গাড়িবহর নিয়ে স্থান ত্যাগ করার সময় হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে।
হামলার সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, হামলার পাশাপাশি ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেওয়া হচ্ছিল।
এ ঘটনার জন্য এনসিপির নেতারা বিএনপির নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ তুলেছেন। তবে হামলার ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
