দেশ-বিদেশে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে নতুন শিক্ষার্থী ভর্তি করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। বিশেষ করে নন-আইটি ব্যাকগ্রাউন্ড থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনামূল্যে আইটি প্রশিক্ষণের সুযোগ।
বর্তমান চাকরির বাজারের চাহিদাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন আইটি কোর্স পরিচালনা করে প্রতিষ্ঠানটি। এ প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ ইতোমধ্যে দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কোর্স সম্পন্নকারীদের প্রায় ৯২ শতাংশ সফলভাবে কর্মজীবনে প্রবেশ করেছেন।
আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের তরুণদের তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও প্রকল্প পরিচালনা করে আসছে।
প্রায় ১৯ বছর ধরে চলা এই আইটি স্কলারশিপ কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে। এসব প্রশিক্ষিত ব্যক্তি বর্তমানে দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
যেসব সুবিধা থাকছে
এই স্কলারশিপের সবচেয়ে বড় সুবিধা হলো পুরো প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রায় দুই লাখ টাকা সমমূল্যের এসব কোর্সে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের কোনো কোর্স ফি দিতে হবে না।
শুধু প্রশিক্ষণেই সুযোগ সীমাবদ্ধ নয়। সফলভাবে কোর্স শেষ করে উত্তীর্ণ হলে ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবেদনের আগে যেসব বিষয় জানা জরুরি
চলমান ৭৪তম রাউন্ডে আবেদন করতে আগ্রহী প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
এ ছাড়া যারা এর আগে আইএসডিবি-বিআইএসইডব্লিউয়ের কোনো রাউন্ডে কোনো কোর্সে অংশ নিয়েছেন, তারা নতুন করে এই রাউন্ডে আবেদন করতে পারবেন না।
ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ—তাদের জন্য নির্ধারিত কোর্সগুলো শুধুমাত্র ঢাকায় পরিচালিত হবে।
স্নাতক ও সমমানের শিক্ষার্থীদের জন্য কোর্স
স্নাতক ও সমমানের শিক্ষার্থীরা মোট ছয়টি কোর্সের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন। কোর্সগুলো হলো—
১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্যও রয়েছে সাতটি ভিন্ন কোর্স। এগুলো হলো—
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এএসপি.নেট
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স
৭. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এজন্য আইএসডিবি-বিআইএসইডব্লিউয়ের নির্ধারিত আবেদন ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে।
আবেদন করতে ভিজিট করুন: https://apply.isdb-bisew.info/
আবেদনের শেষ সময়
আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে আবেদন করার শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
