আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলা পুলিশ। এক মেডিকেল শিক্ষার্থীর করা মামলার তদন্তে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগকারী ওই নারী শিক্ষার্থীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন অভিষেক। পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তীতে সেগুলো দেখিয়ে ভয় দেখানোর অভিযোগও করেছেন তিনি।
মগরা থানায় দায়ের করা মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর অভিষেককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে পাঠানো হয়। মামলাটি বর্তমানে হুগলির চুঁচুড়া আদালতে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
মামলার তদন্ত দ্রুত এগিয়ে নিতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী। শুনানি শেষে আদালত পুলিশকে অভিযুক্ত ক্রিকেটারকে দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর মগরা থানার পুলিশ অভিষেকের মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে। ব্যক্তিগত ছবি বা ভিডিও যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে বিষয়টিও আদালতের নির্দেশে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে একটি পেনড্রাইভও জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অভিযোগকারীর করা প্রথম এজাহারে আরও দাবি করা হয়, তাঁকে একপর্যায়ে বেআইনিভাবে আটকে রাখা হয়েছিল। সেখানে খাবার না দিয়ে একা করে রাখার অভিযোগও রয়েছে। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং এমন অবস্থায় পৌঁছান যে হাঁটতেও পারছিলেন না বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। তবে অভিষেকের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক থাকার কথা জানতে পারার পর তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগকারীর দাবি।
অভিষেক পোরেল বাংলার ক্রিকেটের পরিচিত খেলোয়াড়। ২০২১-২২ মৌসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয়। পরে ভারত ‘এ’ দলেও সুযোগ পান তিনি। ২০২৩ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে যোগ দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। দিল্লির হয়ে আইপিএলে এখন পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৭৬৯ রান।
