বলিভিয়ার ভিয়াচা পৌর এলাকার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা এলাকায় স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণটি ঘটে। আতশবাজি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষণের একটি জায়গা থেকেই বিস্ফোরণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তাদের ধারণা, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই ঘটনাটির শুরু হতে পারে।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, ঘটনায় নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। আহত হয়েছেন ৬২ জন। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে আশপাশের বেশ কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
ঘটনার পর উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে সামরিক কমপ্লেক্স এলাকায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে বলে সতর্ক করেছে ফায়ার সার্ভিস। ফলে সেখানে নতুন করে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা।
