ভারতের পশ্চিমবঙ্গে রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গ্রেপ্তার হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা এই নেতাকে মঙ্গলবার (৬ অক্টোবর) আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পর হুমায়ুন কবীর নিজের এলাকায় ভোট দেওয়ার পর রেজিনগরে তাঁর দলের কার্যালয়ে যান। সেখানে ভোটে অনিয়ম ও ভোট লুটের অভিযোগ তুলে তিনি পুলিশের বিরুদ্ধে বক্তব্য দেন। পরে পুলিশ তাঁকে দলীয় কার্যালয় থেকে সরে গিয়ে বাড়িতে চলে যেতে বললে তিনি তাতে রাজি হননি।
এ সময় পুলিশের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ তাঁকে গাড়িতে করে রেজিনগর থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আইন ভঙ্গ করায় তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। ঘটনাটি নিয়ে জেলা পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন।
হুমায়ুন কবীর ২০২৫ সালের শেষ দিকে মুর্শিদাবাদে অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এ নিয়ে তৎকালীন দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধ তৈরি হলে তিনি দল থেকে বহিষ্কৃত হন এবং পরে নিজস্ব রাজনৈতিক দল গড়ে তোলেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুই আসনেই জয় পান। পরে নওদা আসনটি রেখে রেজিনগর আসন ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
