হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ের খবর। এর সঙ্গে গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও নানা দাবি করা হয়। বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রভা। একই সঙ্গে এমন গুজব ছড়িয়ে পড়ায় তিনি ক্ষুব্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তৃতীয় বিয়ের খবরের বিষয়ে অবস্থান পরিষ্কার করেন প্রভা। তিনি জানান, তার বিয়ে হয়নি। এমনকি চুক্তিভিত্তিক বিয়ে কিংবা এ ধরনের কোনো সম্পর্কেও তিনি জড়াননি।
প্রভা বলেন, তাকে ঘিরে যে ধরনের অভিযোগ ও তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তাই এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে অভিনেত্রী আরও বলেন, একজন সাংবাদিকের লেখার প্রভাব অনেক বেশি। একই কলম দিয়ে একজন মানুষকে যেমন নেতিবাচকভাবে উপস্থাপন করা যায়, তেমনি তাকে ইতিবাচকভাবেও তুলে ধরা সম্ভব। তাই এই ক্ষমতার সঙ্গে দায়িত্বশীলতাও থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবন নিয়ে কোনো সংবেদনশীল অভিযোগ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন প্রভা। পাশাপাশি কোনো অভিযোগ বা তথ্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
ভক্তদের উদ্দেশে প্রভা বলেন, তার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার কিংবা অন্য কোনো বিষয় নিয়ে গুজব ছড়ালে তাতে কান না দিতে। তার সম্পর্কে সঠিক ও সত্য কোনো তথ্য জানানোর প্রয়োজন হলে তিনি নিজেই নিজের ফেসবুকের মাধ্যমে তা প্রকাশ করবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
