যুক্তরাষ্ট্রের ভিসার জন্য সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের অভিবাসন-সংক্রান্ত তথ্য ও আইন লঙ্ঘনের বিষয় কনস্যুলার কর্মকর্তাদের কাছে থাকতে পারে। তাই কোনো তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়া আবেদনকারীর জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সাক্ষাৎকারে আবেদনকারীদের নিজেদের তথ্য সঠিক ও সত্যভাবে উপস্থাপন করা উচিত। মিথ্যা তথ্য দেওয়া বা জাল নথিপত্র উপস্থাপনের কারণে ভিসা আবেদন বাতিল হতে পারে।
এ ধরনের ভুল তথ্যের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
ভিসাপ্রার্থীদের তাই আবেদনপত্র ও সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন না করে সঠিক তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
