বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সরাসরি সাক্ষাৎ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রত্যাশার কথা জানিয়ে গত সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন। চিঠিতে ট্রাম্প বাংলাদেশের সাম্প্রতিক নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য উজ্জ্বল ভবিষ্যতের আশা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও জানান মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দেন ট্রাম্প। তিনি আশ্বস্ত করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। পাশাপাশি এ বিষয়ে তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি মনে রাখবেন বলে উল্লেখ করেন।
সবশেষে ট্রাম্প জানান, খুব বেশি দূরের ভবিষ্যৎ নয়—এমন সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছেন তিনি।
