মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত ক্যালিফোর্নিয়া সফরের কয়েক দিন আগে লস অ্যাঞ্জেলেসের একটি গলফ ক্লাবকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ক্লাবের আশপাশ থেকে এক সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে, যার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, গত রোববার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব এলাকা থেকে ৩৮ বছর বয়সী জিনাইন জন তায়েলেকে গ্রেপ্তার করা হয়। আগামী মঙ্গলবার রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্পের অংশ নেওয়ার কথা ছিল। তদন্তকারীদের দাবি, তায়েলে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন।
আটকের সময় তার কাছে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন পাওয়া যায়। পরে পার্কিংয়ে রাখা তার গাড়িতে তল্লাশি চালিয়ে একটি লোডেড পিস্তল এবং আরও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া অন্য একটি ডাকাতির মামলায়ও তিনি আগে থেকেই এল সেগুন্ডো পুলিশ বিভাগের নজরদারিতে ছিলেন।
এরপর এফবিআইয়ের যৌথ সন্ত্রাসবাদবিরোধী টাস্কফোর্সের সহায়তায় ডাউনি এলাকায় তায়েলের বাসভবনে অভিযান চালানো হয়। সেখানে একটি অবৈধভাবে পরিবর্তিত রাইফেল, আরও একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চ ক্ষমতার ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, রেডিও সিগন্যাল সংক্রান্ত সরঞ্জাম এবং উদ্বেগজনক বিভিন্ন লেখা থাকা একটি নোটবুক জব্দ করা হয়েছে।
জানা গেছে, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ট্রাম্পের ক্যালিফোর্নিয়া ও নেভাদা সফরের সূচি নির্ধারিত ছিল। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তায়েলেকে বর্তমানে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
