প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
তিশার আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী ও নিহার হোসেন ফারুক আদালতের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল প্রায় ১০টা ৫০ মিনিটে তানজিন তিশা আদালতে উপস্থিত হন। তিনি হেঁটে পাঁচতলার এজলাসে ওঠেন। পরে বেলা ১১টা ২২ মিনিটে বিচারক এজলাসে এসে বাদী ও আসামিপক্ষের বক্তব্য শোনেন। শুনানির সময় উভয় পক্ষের মধ্যে উচ্চস্বরে তর্ক-বিতর্কও হয়। সবশেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। অভিযোগ করা হয়, শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের আশ্বাস দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় ফ্যাশন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন।
মামলা গ্রহণের পর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। সেই সমনের পরিপ্রেক্ষিতেই তিনি আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।
