কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে ৫০ হাজার টাকার বিনিময়ে আপসের চাপও দেওয়া হয়েছিল।
শুক্রবার (১৪ আগস্ট) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত জজ মিয়া (৫৫) আত্মগোপনে রয়েছেন। তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ির পাশের জমিতে লাকড়ি শুকাতে যায়। এ সময় নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত তাকে মুখ চেপে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরিবারের দাবি, ঘটনার পর কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সালিশ বসিয়ে ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। তবে শিশুটির বাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
