দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট দেননি ৬ জন, ফলে ৩৪৩টি ভোট গণনা করা হয়।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। তবে স্বতন্ত্র সংসদ সদস্যদের জন্য দুই প্রার্থীর যেকোনো একজনকে বেছে নেওয়ার সুযোগ ছিল।
ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ভোট দেন। এরপর নিজের ভোট দেন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুরো নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
