চট্টগ্রামের আনোয়ারায় একটি সেলুন থেকে নেপাল রবি দাশ (২৪) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নেপাল রবি দাশ পূর্ব বটতলী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি তাঁর এক বড় ভাইয়ের সঙ্গে রুস্তমহাট এলাকায় একটি সেলুন পরিচালনা করতেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার আগে নেপালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বিদায়সূচক পোস্ট দেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তাঁরা তাঁর খোঁজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলুনের ভেতর থেকে নেপালের মরদেহ উদ্ধার করে। সেলুনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
