ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য কাজে লাগিয়ে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়ে চীনা প্রতিষ্ঠান ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রটেকশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চীনা প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের কারিগরি দিক, সম্ভাব্য বিনিয়োগ কাঠামো এবং প্রকল্প বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি ব্রিফিং উপস্থাপন করেন।
প্রকল্প বাস্তবায়নে কী ধরনের বিনিয়োগ মডেল গ্রহণ করা যেতে পারে, প্রয়োজনীয় প্রযুক্তি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রটেকশন কোম্পানি লিমিটেডের পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি তা থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যেই প্রকল্পটি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। তবে প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়ন কাঠামো ও বিনিয়োগসংক্রান্ত বিষয়গুলো পরবর্তী পর্যায়ের আলোচনায় নির্ধারণ করা হবে।
