ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের পর গত মঙ্গলবার রাতে তাঁদের হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে দুজনকে হল থেকে বের করে দেওয়া হয় এবং তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে এক শিক্ষার্থী জানান, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত বা ‘ট্রমার’ মধ্যে রয়েছেন। এ কারণে তিনি এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি।
অন্য অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে একই ধরনের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। পরে তাঁর আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়।
এ ছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলের হল সংসদের সহসাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষে থাকা দুই অতিথির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে পরপর এমন অভিযোগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
