কক্সবাজারের উখিয়ার পালংখালীর ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে গুলিবিদ্ধ হয়েছেন ওবাইদুল হক (৩০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী। শুক্রবার দুপুরে ক্যাম্পের সি-২ ব্লকের একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ওবাইদুলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তাঁর ডান পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওবাইদুল পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চোরখোলা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, দোকানের বকেয়া টাকা এবং পূর্বের বিরোধকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নামাজ শেষে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ইউনুসের ডাকে ১০–১৫ জন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে আসে। পরে তাদের একজন ওবাইদুলকে লক্ষ্য করে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়।
আহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন এ হামলার ঘটনা ঘটেছে এবং এর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার পর পুরো আশ্রয়শিবিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী আশ্রয়শিবিরে অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ত্র উদ্ধার অভিযানে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
