প্রেমিককে ভিডিও কলে রেখেই আত্মঘাতী রিধি? যা জানাল পরিবার
রাজধানীর ভাটারা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে ভিডিও কলে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে শনিবার (১৫ আগস্ট) ভোরে তিনি আত্মঘাতী হন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী রিধির একটি প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ভোরে সেই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় দুজনের মধ্যে ঝগড়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কল চলাকালীনই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধির মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া শুরু হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা এসআই ওয়াদুদ জানান, পরিবারের দেওয়া জাতীয় পরিচয়পত্রে অভিনেত্রীর প্রকৃত নাম লীনা আক্তার। মৃত্যুর আগে তার সঙ্গে কথিত প্রেমিকের সম্পর্ক, শেষ কথোপকথন এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার ভোরে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়ার পর তিনি নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন রিধিকা রিধি। তবে তার সর্বশেষ পোস্ট ছিল গত ৩০ জুলাই। এরপর আর কোনো নতুন আপডেট শেয়ার করেননি বলে জানা গেছে।
