কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ে—জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আট থেকে আশি বছরের দর্শকদের প্রিয় এই কার্টুন সিরিজের ভবিষ্যৎ নিয়ে তাই উদ্বিগ্ন হয়ে পড়েন অসংখ্য ভক্ত।
তবে সেই গুঞ্জনের কোনো সত্যতা নেই। বরং দর্শকদের জন্য নতুন সুখবর দিয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি আট (Sony AATH)। চ্যানেলটি জানিয়েছে, গোপাল ভাঁড়ের একেবারে নতুন পর্ব নিয়ে ফিরছে তারা, আর উপলক্ষ্যে থাকছে টানা ৬ ঘণ্টার বিশেষ সম্প্রচার।
শুক্রবার সনি আট তাদের অফিসিয়াল প্রোমোশনাল পোস্টে কয়েকটি ফটোকার্ড প্রকাশ করে নতুন পর্বের ঘোষণা দেয়। পোস্টে লেখা হয়, “হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভাঁড়ের নতুন পর্ব, ১৫ আগস্ট সকাল ১১টা থেকে শুধুমাত্র সনি আটে।”
পরবর্তীতে প্রকাশিত একটি প্রোমো ভিডিওতেও জানানো হয়, স্বাধীনতা দিবসের বিশেষ থিমে সাজানো নতুন গল্পে গোপাল তার বুদ্ধির কৌশলে শত্রুকে পরাস্ত করবে, আর দর্শকদের মাতিয়ে রাখবে টানা ছয় ঘণ্টার হাসির আয়োজনে।
সব মিলিয়ে স্পষ্ট হয়েছে, ‘গোপাল ভাঁড়’ বন্ধ হওয়ার খবরটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। সনি আটের আনুষ্ঠানিক ঘোষণায় ভক্তদের হতাশা কেটে গিয়ে ফিরেছে স্বস্তি ও উচ্ছ্বাস।
