৩ দিনের ছুটি, ৩ বছর ৬ মাস যুক্তরাষ্ট্রে—প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান মাত্র তিন দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর টানা সাড়ে তিন বছর ধরে দেশে ফেরেননি বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন তার অনুপস্থিতিতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ আগস্ট তিনি তিন দিনের ছুটি নেন এবং পরদিন ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করেন। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে যোগদান করেননি। যদিও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক, তার ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এরও আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে তিনি প্রথমবার যুক্তরাষ্ট্রে যান। তখন বিদ্যালয় থেকে দুই মাসের ছুটি নিলেও প্রায় পাঁচ মাস পর দেশে ফেরেন। সেই সময়ও প্রয়োজনীয় অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং পরে সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছিল।
রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি ২০১৭ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী এই বিদ্যালয়ে অধ্যয়ন করছে। অভিভাবকদের দাবি, কয়েক বছর আগেও এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফল ছিল ঈর্ষণীয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ফলাফল ও শিক্ষার পরিবেশ দুটোই অবনতির দিকে যাওয়ায় তারা হতাশ।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, দাপ্তরিক কার্যক্রম এবং শৃঙ্খলা রক্ষায় নানা জটিলতা তৈরি হয়েছে। নেতৃত্বের অভাব শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে বলে তারা মনে করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি কবে ফিরবেন, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এখনো তার পদ শূন্য ঘোষণা করা হয়নি।
অন্যদিকে অভিযোগের বিষয়ে মো. জিল্লুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারেও কোনো সাড়া মেলেনি।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার জানান, অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
