স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, নতুন দরে ভরি কত জানুন
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, শুক্রবার দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ফলে একদিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। একইভাবে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বেড়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক স্বর্ণবাজার ও দেশের স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এ মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নতুন দর কার্যকর থাকবে।
তবে ক্রেতাদের মনে রাখতে হবে, ঘোষিত স্বর্ণের দামের সঙ্গে অলংকারের মজুরি, কারিগরি খরচ ও সরকার নির্ধারিত ভ্যাট যোগ হওয়ার পরই চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে।
