বান্দরবানের থানচি উপজেলার দুর্গম লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ উল্টে মো. দেরাজ মিঞা (৫৬) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রেমংপাড়া ক্যাম্প থেকে থানচি সদরে ফেরার পথে লিটক্রে সড়কের ১১ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ি সড়কের একটি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি উল্টে যায়।
দুর্ঘটনায় চালক দেরাজ মিঞা ঘটনাস্থলেই মারা যান। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। গাড়িতে থাকা তিন ঠিকাদারও আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পাহাড়ি সড়কে গাড়িটির নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।