রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। এ ঘটনায় আরও একজনের নাম মামলায় রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার দেশে পাঠান এক প্রবাসী। পরে তার ভাই মো. সুমন ও বন্ধু রোহান চৌধুরী বিমানবন্দর থেকে স্বর্ণ নিয়ে ভাড়া করা একটি হায়েস গাড়িতে করে বের হন।
রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বলাকা ভবনের বিপরীত পাশে তাদের পথরোধ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাদের মারধর করে সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার সময় একজন পথচারী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২৯ আগস্ট বিমানবন্দর থানায় মামলা করেন সুমন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
