৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা
দীর্ঘদিনের অপেক্ষার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য স্বস্তির খবর এসেছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকেরা তাঁদের জমা রাখা আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, টাকা তুলতে আগ্রহী গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় আবেদন করতে হবে। ১ সেপ্টেম্বর থেকে এসব আবেদন গ্রহণ শুরু হয়েছে। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ৭ সেপ্টেম্বর থেকে অর্থ পরিশোধ করা হবে।
প্রাথমিকভাবে গ্রাহকেরা তাঁদের হিসাবে থাকা মূল অর্থ এককালীন উত্তোলন করতে পারবেন। তবে এই অর্থের সঙ্গে পূর্বের জমা টাকার মুনাফা পাওয়ার সুযোগ থাকছে না।
আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর, ডিপিএসসহ বিভিন্ন ধরনের আমানত হিসাব থেকে মূল টাকা উত্তোলনের সুযোগ থাকবে। তবে কোনো গ্রাহক হিসাব চালু রেখে দিলে চুক্তি অনুযায়ী পরবর্তী সময়ে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
দীর্ঘদিন ধরে আমানতের টাকা নিয়ে অনিশ্চয়তায় থাকা গ্রাহকদের জন্য ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেওয়ার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে টাকা উত্তোলনের আবেদন করতে ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের উপস্থিতি বেড়েছে।
