নাটোরের বাগাতিপাড়ায় মাত্র ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়ন্তীপুর বাজারে এ ঘটনার শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জয়ন্তীপুর বাজারের চায়ের দোকানি শামীম হোসেনের সঙ্গে মুদি ব্যবসায়ী মোস্তফার ৪৫ টাকার চায়ের বিল নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। পরে এই বিরোধ উভয়পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।
আহতদের বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানেও পরিস্থিতি শান্ত থাকেনি। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল চত্বরে দুই পক্ষের লোকজন আবারও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত মেহেজাবীন অনন্যা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে দুই পক্ষের আহতরা হাসপাতালে আসতে থাকেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে মারামারি শুরু হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
