ভোলার সদর উপজেলায় গভীর রাতে বসতঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ৮ বছরের ছেলেও গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে শিবপুর ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নাছিমা বেগম। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। স্বামী বিদেশে থাকায় তিনি তাঁর একমাত্র ছেলে আবিরকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে মা ও ছেলে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নাছিমা বেগম ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাছিমার মৃত্যু হয়। আহত অবস্থায় শিশুটি পরে ঘর থেকে বের হয়ে প্রতিবেশীদের বিষয়টি জানায়।
শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জিহাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত কারণ কী এবং কারা এতে জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহত শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত চলছে।
