জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের সঙ্গে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ লাইন স্থানান্তরের জন্য এই সাময়িক সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় উল্লেখিত এলাকার আশপাশেও স্বল্পচাপ দেখা দিতে পারে। ফলে ওই সময় রান্নাসহ দৈনন্দিন কাজে সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকেরা।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
