চলতি বছরের প্রথম সাত মাসে দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। তবে এসব শিশুর সবাই এখনো নিখোঁজ নয়। পুলিশের যাচাই অনুযায়ী, এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে অথবা তারা পরিবারের কাছে ফিরে গেছে। বর্তমানে ২ হাজার ৩৮ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়। এর মধ্যে ৪০৬ শিশুকে উদ্ধার করা হয়েছে, আর ৬৮ জন এখনো নিখোঁজ। অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ রয়েছে।
পুলিশ বলছে, ছোট শিশুদের ক্ষেত্রে পথ হারানোসহ বিভিন্ন কারণে নিখোঁজের ঘটনা ঘটে। আর ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে পারিবারিক বিরোধ, পড়াশোনার চাপ, অভিমান, বন্ধু বা সহপাঠীদের প্রভাবসহ বিভিন্ন কারণ থাকতে পারে। পুলিশ আরও জানিয়েছে, অনলাইন জিডি চালুর পর নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যাও বেড়েছে।
