বখাটের চড়-লাথিতে দাঁত ভাঙল স্কুলছাত্রী
বরগুনার বেতাগীতে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় ওই শিক্ষার্থীর তিনটি দাঁত পড়ে গেছে এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এর আগে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে ফয়সালের বিরুদ্ধে। কয়েক দিন আগে বিদ্যালয়ের ওয়াশরুমে যাওয়ার সময়ও ফয়সাল তাকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি পরিবারকে জানানোর পর শিক্ষার্থীকে মারধরের হুমকি দেওয়া হয় বলে পরিবারের দাবি।
ভয়ে সোমবার সকালে মেয়েটিকে তার মা স্কুলে পাঠাননি। পরে এক শিক্ষক তাকে বাড়ি থেকে বিদ্যালয়ে নিয়ে যান। বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় বিদ্যালয় প্রাঙ্গণে ফয়সাল তার পথ আটকে প্রথমে টানাটানি করেন বলে অভিযোগ। একপর্যায়ে তাকে চড় ও লাথি মারা হয়। মুখে লাথি লাগার পর তার তিনটি দাঁত পড়ে যায় এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের মা শিরিন বেগমকে পুলিশ আটক করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ঘটনার পর থেকে ফয়সাল পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
