রাজধানীর উত্তরা-মতিঝিল রুটে চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৭টা ৩৭ মিনিটের দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাওয়ার সময় মেট্রোরেলের পেছনের দিকের একটি দরজা খুলে যায়। বিষয়টি নজরে আসার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।
পরে সংশ্লিষ্ট কর্মীরা মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন। ত্রুটি ঠিক হওয়ার পর সকাল ৮টা ৩ মিনিটে আবার উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল শুরু হয়। অর্থাৎ প্রায় ২৬ মিনিট মেট্রোরেল সার্ভিস বন্ধ ছিল।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনার পর কিছু সময়ের জন্য যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হলেও দ্রুত ত্রুটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
