কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার পর জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা রয়েছে—এমন বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ স্থান ও পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় ও অতীতের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে। যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের সতর্ক করে অভিভাবকের জিম্মায় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে কুমিল্লায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
