তিন দিন পর আবার সচল এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এলএনজি কার্গোর ঘাটতির কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় চালু করা হয়।
পেট্রোবাংলা সূত্র জানায়, শনিবার দুপুর প্রায় ২টার দিকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। প্রথম ধাপে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এতে দেশের মোট গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ২ হাজার ৩০০ এমএমসিএফডিতে পৌঁছেছে।
পেট্রোবাংলার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বিভাগের পরিচালক প্রকৌশলী মো. শোয়েব বলেন, এক্সিলারেট টার্মিনাল পুনরায় কার্যক্রমে ফিরেছে এবং ধীরে ধীরে সরবরাহের পরিমাণ আরও বাড়ানো হবে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, টার্মিনালে এলএনজি বহনকারী জাহাজটি রোববার পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ের এক দিন আগেই মহেশখালীতে পৌঁছে যায়। ফলে শনিবার থেকেই গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
এর আগে ১৯ আগস্ট টার্মিনালের মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দেশের চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়ে ওঠে এবং শিল্প ও বিদ্যুৎ খাতে চাপ বাড়ে।
উল্লেখ্য, গত ২১ জুলাই জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তরের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় টার্মিনালটি দীর্ঘ সময় অচল ছিল। ওই দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমে যায়। পরে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করে মেরামত শেষে আংশিকভাবে চালু করা হলেও এলএনজি মজুত ফুরিয়ে যাওয়ায় গত সপ্তাহে তা আবার বন্ধ হয়ে যায়। এখন নতুন কার্গো পৌঁছানোর ফলে টার্মিনালটি পুনরায় কার্যক্রমে ফিরেছে।
