মিসবাহর বিরুদ্ধে যৌতুক মামলা, ৯ বিয়ের অভিযোগ আদালতে
আলোচিত চরমোনাইপন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে আদালতে মামলা করেছেন তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। অভিযোগ আমলে নিয়ে আদালত মিসবাহর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইবরাহিম খলিল।
মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি আফরাদ মিসবাহ নামে তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়।
হুমায়রা জান্নাতের দাবি, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের বিষয়টি গোপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, তাকে ছাড়াও মিসবাহ মোট ৯টি বিয়ে করেছেন এবং এসব বিয়ের কোনোটিই কাবিননামা বা সরকারি নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।
বাদীর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় প্রথমে যাত্রাবাড়ী থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে বিচারক অভিযোগ গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
আইনজীবী এবিএম ইবরাহিম খলিল জানান, বাদীর অভিযোগের ভিত্তিতেই মামলাটি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত তারিখে মিসবাহ আদালতে হাজির হলে তার বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, একাধিক বিয়ে, কাবিন ছাড়াই বৈবাহিক সম্পর্ক এবং যৌতুকের অভিযোগসহ অন্যান্য বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
